অটো চুরি চক্রের কিনারা করল বারুইপুর থানার পুলিস
দি নিউজ লায়ন ; কয়েকমাস ধরে চলা অটো চুরি চক্রের কিনারা করল বারুইপুর থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ তার সঙ্গীকে। উদ্ধার করা হয়েছে তিনটি অটো। ধৃতদের বুধবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের নাম সফিকুল সাফুই,ভোলা মোল্লা। গত কয়েকমাস ধরে বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে অটো চুরির অভিযোগ আসছিল।
সেই চুরির তদন্তে নেমে পুলিস মূল অভিযুক্ত সফিকুল সাফুই নামে এক অটোচালককে সোনারপুরের মকরামপুর থেকে ধরে। সে বারুইপুর-চম্পাহাটি রুটের অটোচালক। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার রাতে পুলিস বারুইপুরের সীতাকুণ্ড এলাকা থেকে ভোলা মোল্লাকে গ্রেপ্তার করে। তদন্তকারী অফিসাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে,সফিকুল টার্গেট করত রাস্তায় ফাঁকা অটোকে।
কোন অটোচালক যাবার পথে অটো দাঁড় করিয়ে খেতে গেলে বা অন্য মনস্ক হয়ে গেলে তা লক্ষ্য রাখত সফিকুল। পরে সঙ্গী ভোলাকে ডেকে নিয়ে নকল চাবি বানিয়ে সেই অটোর লক খুলে নিমেশে চম্পট দিত তারা। মূলত চম্পাহাটি রুটে,গড়িয়া রুটে এরা অপারেশন চালাত।
সফিকুল নিজে অটো চালায় বলে কেউ তাকে সন্ধেহ করত না। জয়নগর,কুলতলি,মৈপীঠ এলাকায় চুরি করা অটো ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হত। ভোলার মাধ্যমেই অটো বাইরে পাঠানোর কাজ চালাত সফিকুল। এদের কে হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত তার সন্ধান চালাবে পুলিস। পাশাপাশি এও দেখা হবে কার কাছে এই অটো বিক্রি করা হত।

Post a Comment